সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে, যা দেশের জন্য স্থায়ী অস্থিতিশীলতা বয়ে আনবে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, পিআর পদ্ধতি দাবি করার মূল লক্ষ্য হলো বেশি আসন পাওয়া এবং দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করা। এতে করে জনপ্রিয় দলগুলোকে ক্ষমতায় আসা থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, এই পদ্ধতি কম জনপ্রিয় রাজনৈতিক দলগুলোর জন্যই লাভজনক।
তিনি আরও বলেন, সংবিধানে স্পষ্টভাবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা আছে। তাই কোনো অসাংবিধানিক, অরাজনৈতিক বা অবৈধ দাবি মেনে জাতিকে ঝুঁকির মধ্যে ফেলা যাবে না। সরকারকে সাংবিধানিক ধারাবাহিকতা মেনে আইন অনুযায়ী পরিচালিত হতে হবে।
জরিপ প্রসঙ্গে তিনি জানান, গবেষণায় দেখা গেছে প্রায় ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতির অর্থই জানে না। অথচ জামায়াত দাবি করছে ৭০ শতাংশ মানুষ এই পদ্ধতি সমর্থন করে। এসব বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনগণকে ভুল পথে পরিচালিত করা যাবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।