বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্পের আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ আমন্ত্রণ জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে ড. ইউনূস ট্রাম্পের আমন্ত্রণে ওই অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি ট্রাম্পকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের অনুরোধ জানান।
অনুষ্ঠানে ড. ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও জাপানের প্রধানমন্ত্রী সিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গেও সাক্ষাৎ করেন।