প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নিউইয়র্কে ঘটনার পর আওয়ামী লীগের ভবিষ্যৎ আরও অনিশ্চিত: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

নিউইয়র্কে সাম্প্রতিক হেনস্তার ঘটনা আওয়ামী লীগের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের আগ্রাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ইন্টার্ন সমাপনী ও এমবিবিএস সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, “রাজনৈতিকভাবে পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তাদের কাছে এর বাইরে করার কিছু নেই। গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশ ধ্বংস করেছে, এখন বিদেশে গিয়ে যেসব কর্মকাণ্ড করছে, তা আরও ধ্বংসাত্মক এবং তাদের ভবিষ্যতকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।”

তিনি আরও বলেন, এই ঘটনায় দূতাবাসের গোয়েন্দা ত্রুটি ছিল কিনা তা নিশ্চিত নয়। তবে নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট দেশের ওপর নির্ভরশীল। গণতান্ত্রিক দেশে এ ধরনের ঘটনা ঘটে থাকে, তাই এটিকে খুব বড় করে দেখার কিছু নেই।

এ ছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্ব আরোপ করেন। এ সময় হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা