প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নিষিদ্ধ আওয়ামী লী’গের অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীদের হঠাৎ জমায়েত ও ঝটিকা মিছিলের আশঙ্কায় সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া এ অভিযান বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত চলেছে। এ সময়ে অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএমপির গোয়েন্দা পুলিশের একটি টিম পান্থপথের পানি ভবনের সামনে থেকে ককটেল উদ্ধার করেছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ফার্মগেট, পানি ভবন ও তেজগাঁও এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের এ অপচেষ্টা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে।

তিনি আরও জানান, তেজগাঁও এলাকায় ককটেলসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এ ছাড়া ডিবি পুলিশের অভিযানে আরও ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বিকেল ৫টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন ডিএমপি কর্মকর্তা।

ডিএমপি সূত্র জানায়, চলমান সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা