যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের ওপর আওয়ামী নেতাকর্মীদের হামলার ঘটনার ২৪ ঘণ্টা পর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ফ্যাসিবাদবিরোধী শক্তিকে হুমকির স্পষ্ট বার্তা।
নেতৃদ্বয় আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের দুর্বলতা, বিচার বিলম্ব ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটছে। এ বর্বরোচিত হামলা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং প্রবাসীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে।
তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা সোমবার নিউইয়র্কে যান। জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের হেনস্তা করা হয় এবং আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পরে জ্যাকসন হাইটস থেকে হামলাকারীকে আটক করা হয়।