প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নিউইয়র্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সুরক্ষা দিয়ে আলোচনায় সাবেক শিবির নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউইয়র্কে অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির মুখোমুখি হন। বিমানবন্দর ছাড়ার সময় স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের প্রতিবাদ ও উত্তেজনার মধ্যে তাকে নিরাপদে গাড়িতে উঠতে সহায়তা করেন এক প্রবাসী বাংলাদেশি যুবক। পরে জানা যায়, ওই যুবক হলেন সিলেটের মারুফ রহমান, যিনি দেশে থাকাকালে ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা শাখার সভাপতি ছিলেন।

ঘটনার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারাও উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী লীগপন্থী কিছু লোক স্লোগান ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মী মিজানকে পুলিশ আটক করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আওয়ামী সমর্থকদের বাধা উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে মির্জা ফখরুলকে গাড়িতে তুলে দিচ্ছেন মারুফ রহমান। ঘটনার পর প্রবাসী সাংবাদিক ইকবাল মাহমুদসহ অনেকে তার প্রশংসা করে পোস্ট দিয়েছেন।

ঘটনাটি ঘিরে সিলেটের রাজনৈতিক মহলেও আলোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, রাজনৈতিক মতভেদ থাকলেও এমন পরিস্থিতিতে এগিয়ে আসা নিঃসন্দেহে প্রশংসনীয় ভূমিকা।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক উপদেষ্টাদের সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে গেছেন বিএনপির মির্জা ফখরুল, জামায়াতের সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির আখতার হোসেন, তাসনিম জারা ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা