ভোলার লালমোহন উপজেলায় নামাজরত অবস্থায় মো. জহিরুল হক (৫০) নামে তাবলিগ জামাতের এক সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধলীগৌরনগর ইউনিয়নের দালালবাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত জহিরুল হক রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খানাবাড়ি এলাকার বাসিন্দা।
তার চাচাতো ভাই ও তাবলিগ জামাতের সঙ্গী মো. রমজান আলী জানান, গত ২৯ আগস্ট তারা ১২ জন একসঙ্গে রংপুর থেকে লালমোহনে আসেন। আসরের নামাজের পর থেকেই জহিরুল হক অসুস্থতা অনুভব করছিলেন। এ কারণে তাকে স্থানীয় ফার্মেসিতে নেওয়া হয়।
পরে তিনি মাগরিবের নামাজে অংশ নেন। নামাজের রুকুতে যাওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় পল্লী চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়ভাবে তার প্রথম জানাজা শেষে রাতেই মরদেহ গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়।