প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্যারিসের মেয়র অ্যান হিডালগোর সঙ্গে নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

নিউইয়র্কে অবস্থানরত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্যারিসের মেয়র অ্যান হিডালগো বৈঠক করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ড. ইউনূসের হোটেল স্যুইটে এই সৌজন্য সাক্ষাৎ হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়।

 

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার ভূমিকা, এবং বৈশ্বিক শরণার্থী সংকট—বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়।

 

ড. ইউনূস বলেন, “বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি হবে দেশের গণতন্ত্রের নতুন যুগের ভিত্তিপ্রস্তর।”

অলিম্পিক প্রসঙ্গে তিনি জানান, প্যারিস ২০২৪ অলিম্পিককে সামাজিক ব্যবসার বৃহৎ ইভেন্টে রূপান্তরের ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতের অলিম্পিক, বিশেষ করে লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে কার্বন নিরপেক্ষ করার ওপর জোর দেন।

 

প্যারিসের মেয়র অ্যান হিডালগো ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “আপনার নেতৃত্ব অনুপ্রেরণাদায়ক এবং অসাধারণ কাজ করেছেন।”

দু’জন নেতা দক্ষিণ-পূর্ব বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে বসবাসরত লাখো শরণার্থীর মানবিক সহায়তা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

 

মেয়র হিডালগো বিশ্বব্যাপী শরণার্থী শিবিরের উন্নত জীবনযাপনের আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন, রোহিঙ্গারা একদিন নিরাপদে মিয়ানমারে ফিরে যেতে পারবে।

ড. ইউনূস জানান, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে বড় আকারের আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে।

বৈঠকের শেষে ড. ইউনূস মেয়র হিডালগোকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এই বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়কারী ও সরকারের সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা