নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত কিশোরের (১৬) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চান্দেরকান্দি এলাকার শ্রীনিধী রেলস্টেশনের পশ্চিম পাশে মরদেহটি পাওয়া যায়।
রেলওয়ে পুলিশ জানায়, সকালে স্থানীয় কয়েকজন ও রেলওয়ের কর্মচারীরা রেললাইনের মাঝখানে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, “সকাল ৯টার দিকে আমরা খবর পাই। মরদেহটি আনুমানিক ১৬ বছর বয়সী এক কিশোরের। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে শরীরে ট্রেনে কাটা পড়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। শনাক্তের জন্য পিবিআইকে অবহিত করা হয়েছে।”
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে আনা হয়েছে এবং পরবর্তী সময়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।