প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাবির হল দোকানে পচা মুরগি: মালিককে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের পুকুরপাড়ের একটি দোকানে দুপুরের খাবারে পচা ও মরা মুরগির মাংস পাওয়া গেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)। এ ঘটনায় দোকানের মালিক মো. সেলিমকে ১০ হাজার টাকা জরিমানা করেছে হল প্রশাসন।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ঘটনার সত্যতা দোকান মালিক স্বীকার করেছেন। তাই হল প্রশাসনের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে সতর্ক করা হয়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে বিনা নোটিশে দোকানের ভাড়ার চুক্তিপত্র বাতিল করা হবে।

জরিমানা কার্যকরের সময় হল সংসদের নেতৃবৃন্দ, হাউজ টিউটর এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বলে জানান প্রাধ্যক্ষ।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। আহমেদ জুয়েল নামে এক শিক্ষার্থী লিখেছেন, “এমন জঘন্য কাজের জন্য মাত্র ১০ হাজার টাকা জরিমানা? চুক্তিপত্র কেন বাতিল করা হয়নি?” মো. তানভীরুজ্জামান নামে আরেক শিক্ষার্থী বলেন, “এ ধরনের ভয়াবহ ঘটনার পর সরাসরি দোকান বন্ধ করে পুলিশে দেওয়া উচিত ছিল।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা