জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের আয়োজনে শরৎ উৎসব-১৪৩২ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, কবিতা ও অভিনয়ের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের বিমোহিত করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের প্রধান প্রফেসর মো. আব্দুল হাই আলহাদী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ। তিনি বলেন, “শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড শুধু মেধা বিকাশই নয়, মানবিক মূল্যবোধ গঠনে বিশেষ ভূমিকা রাখে। পাঠ্যপুস্তকের বাইরে এ ধরনের আয়োজন তাদের সৃজনশীলতা বাড়িয়ে ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত করে।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক ইমরান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাকের আহাম্মেদ চৌধুরী এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এ কে এম রবিউল আলম লুইপা।
অনুষ্ঠানের পরিকল্পনা ও সার্বিক পরিচালনায় ছিলেন বাংলা বিভাগের শিক্ষার্থী আফরিন জান্নাত আঁখি।
শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় দর্শনার্থীদের অংশগ্রহণে জমজমাট এ উৎসবে শরতের আবহ, সঙ্গীত ও শিল্পকলার মূর্ছনায় সবাই মুগ্ধ হয়ে উপভোগ করেন এই বর্ণিল আয়োজন।