প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অর্ধেক মানুষ ভবিষ্যৎ নিয়ে আশাহীন: দ্রব্যমূল্যে চিন্তিত ৭০%

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫

দেশে রাজনৈতিক, অর্থনৈতিক ও পারিবারিক নানা সংকট মানুষের মনে অস্থিরতা তৈরি করেছে। এক জরিপে দেখা গেছে, প্রায় ৪৬ শতাংশ মানুষ ভবিষ্যৎ নিয়ে আশা হারিয়েছেন। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রায় ৭০ শতাংশ নাগরিক।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) সর্বশেষ জরিপে এসব তথ্য উঠে এসেছে। ‘পরিবার পর্যায়ে মনস্তাত্ত্বিক অবস্থান’ শীর্ষক এক ভার্চ্যুয়াল আলোচনায় জরিপের ফলাফল উপস্থাপন করেন সংস্থার নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। জরিপটি গত মে মাসে দেশের ৮ হাজার ৬৭টি পরিবারকে অন্তর্ভুক্ত করে পরিচালনা করা হয়।

জরিপে বলা হয়েছে, প্রায় ২০ শতাংশ মানুষ বর্তমানে তীব্র আর্থিক চাপে আছেন। এর মধ্যে ৬৭ শতাংশ চিকিৎসা ব্যয় এবং ২৭ শতাংশ ঋণ পরিশোধে সমস্যায় ভুগছেন। সন্তানের শিক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৬৫ শতাংশ মানুষ। কিশোর অপরাধ ও মাদক নিয়ে চিন্তিত যথাক্রমে ৫৫ ও ৫৬ শতাংশ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঘুষের প্রবণতা কিছুটা কমলেও সরকারি সেবা নিতে গিয়ে হয়রানি এখনও প্রকট। হয়রানির শিকার ৭৪ শতাংশ মানুষ জানিয়েছেন, টাকা না দিলে কোনো কাজ এগোয় না। সরকারি সেবা নিতে হয়রানির হার ৭১ শতাংশ, আর স্বাস্থ্যসেবায় প্রায় ৪৯ শতাংশ।

ব্যক্তিগত আকাঙ্ক্ষার মধ্যে ৫৩ শতাংশ মানুষ সামাজিক মর্যাদাকে অগ্রাধিকার দিয়েছেন। একই সঙ্গে অর্থনৈতিক স্থিতি ও স্বাস্থ্যসেবার উন্নতি চান তারা। রাজনৈতিক আকাঙ্ক্ষায় ৫৬ শতাংশ মানুষ দুর্নীতি দমনের ওপর জোর দিয়েছেন।নানা সংকটের কারণে ৪৬ শতাংশ মানুষ ভবিষ্যৎ নিয়ে নিরাশ হলেও ৫৪ শতাংশ মানুষ এখনো আশাবাদী যে পরিস্থিতি বদলাবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা