প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

দ্বিতীয় দিনের মতো রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫

দূরপাল্লার বাস শ্রমিকদের বেতন বৃদ্ধি ও ভাতা দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজশাহী-ঢাকা রুটের অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল স্থগিত ঘোষণা করেছেন।

 

মঙ্গলবার সকালেও শিরোইল বাস টার্মিনালে ন্যাশনাল, দেশ, হানিফ, গ্রামীণ ও শ্যামলী ট্রাভেলসের কাউন্টার বন্ধ দেখা গেছে। ফটকের সামনে ঝুলছে কর্মবিরতির ব্যানার, এবং শ্রমিকরা মাঝে মাঝে স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন।

 

শ্রমিকরা অভিযোগ করেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। বর্তমানে চালক এক ট্রিপে পান মাত্র ১২০০ টাকা, হেলপার ৬০০ টাকা এবং সুপারভাইজারের বেতন আরও কম। তারা দাবি তুলেছেন, চালকের বেতন ট্রিপপ্রতি ২ হাজার, হেলপারের ১ হাজার এবং সুপারভাইজারের ১১০০ টাকা নির্ধারণের পাশাপাশি হোটেল ও খাবারের খরচ ভাতা হিসেবে দেওয়ার জন্য।

 

ন্যাশনাল ট্রাভেলসের চালক আলী হোসেন বলেন, “১৭ বছর ধরে বেতন বাড়েনি। প্রতিবার মালিক পক্ষ আশ্বাস দিলেও বাস্তবে কিছু হয় না। তাই এবার সব শ্রমিক একসঙ্গে আন্দোলনে নেমেছি।”

 

শ্রমিক নেতা মো. সেলিম জানিয়েছেন, “দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। বেতন বাড়বে না, বা গাড়ির চাকা গড়াবে না।”

 

রাজশাহী পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, “একতা পরিবহন চলাচল চালু রয়েছে। কেউ স্বেচ্ছায় গাড়ি চালাতে চাইলে তাকে বাধা দেওয়া যাবে না। তবে অন্যরা শ্রমিকদের আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত গাড়ি চালাবে না।”

 

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়া কারণে যাত্রীরা বিকল্প পরিবহনের খোঁজে দিশেহারা হয়েছেন। একতা পরিবহন ও কিছু লোকাল বাস চললেও সেখানে উপচেপড়া ভিড় দেখা গেছে। ট্রেনের টিকিটও মিলছে না বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

 

ঢাকাগামী যাত্রী শফিকুল ইসলাম বলেন, “টিকিট আগে কেটে রেখেছিলাম, কিন্তু এসে দেখি কাউন্টার বন্ধ। জরুরি কাজে ঢাকায় যেতে হবে, অথচ কোনো উপায় নেই। বাধ্য হয়ে ফিরে যেতে হচ্ছে।”

আরেক যাত্রী নাসরিন আক্তার বলেন, “সারাদিন ঘুরেও টিকিট পাইনি। শিশু সন্তান নিয়ে পথে পথে হয়রানি পোহাচ্ছি। সাধারণ মানুষকে এভাবে ভোগান্তিতে ফেলা ঠিক নয়।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা