যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম মিজান চৌধুরী। তিনি আওয়ামী লীগের কর্মী বলে যুক্তরাষ্ট্রপ্রবাসীরা জানিয়েছেন। সিলেটের জকিগঞ্জ তার বাড়ি। ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর জ্যাকসন হাইটস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ।
ঘটনার সময় দলের যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা আখতার হোসেনের পাশে ছিলেন। তিনি পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘটনার তথ্য শেয়ার করেন। এদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ ও কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএর সাবেক সভাপতি মো. আসাদুজ্জামানও ঘটনাটি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১টার দিকে জেএফকে বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ হামলার ঘটনা ঘটে।