প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৩২ জন শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃঙ্খলা কমিটি এক সভায় এ সিদ্ধান্ত নেয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের চিঠি সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।

শাস্তিপ্রাপ্তদের মধ্যে— এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন এমএসসি শিক্ষার্থী সালিম সাদমান। ছয় মাসের জন্য বহিষ্কার হয়েছেন লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ওমর বিন হোসাইন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শান্ত ইসলাম ও মো. রিদয়, এবং ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সাফওয়ান আহমেদ ইফাজ।

শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ এবং শিক্ষক লাঞ্ছনার ঘটনার পর ৯৮তম সিন্ডিকেট সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়ার পর অভিযোগনামা, ভিডিও ফুটেজ ও কারণ দর্শানো নোটিশ পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ওই ঘটনার পর শিক্ষকরা দীর্ঘদিন ক্লাস ও পরীক্ষা বর্জন করেন এবং লাঞ্ছিতদের ন্যায্য বিচার নিশ্চিত করার দাবিতে আন্দোলন চালিয়ে যান।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা