দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক আইএফআইসি ব্যাংক পিএলসি মুদ্রা ব্যবস্থাপনাকে আরও সুসংহত, সুশৃঙ্খল ও আধুনিক করার লক্ষ্যে সম্প্রতি “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” শীর্ষক অনলাইন কর্মশালার আয়োজন করেছে।
ব্যাংকের প্রধান কার্যালয়ের সমন্বয়ে এবং বিভিন্ন শাখার সহযোগিতায় চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে প্রতি শনিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই কর্মশালায় সারাদেশের ২ হাজার ৪০০-এর বেশি কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রিসোর্স পারসন হিসেবে যুক্ত হয়ে নোট নীতিমালা, নোট রিফান্ড রেগুলেশন, নোট সর্টিং, জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধ এবং আধুনিক রিপোর্টিং প্রক্রিয়া নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন।
রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (ক্যাশ) সুকুমার সরকার, অতিরিক্ত পরিচালক (কারেন্সি) মো. মোরশেদ আলম, অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান, যুগ্ম পরিচালক এ.কে.এম আমিরুল ইসলাম, যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান, যুগ্ম পরিচালক ব্রজেন্দ্র নাথ রায়, যুগ্ম পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুনসহ আরও অনেকে।
ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান উইলিয়াম চৌধুরী কর্মশালার সভাপতিত্ব করেন। তিনি বলেন, “মুদ্রা ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও কার্যকর প্রক্রিয়া সংযুক্ত করার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমকে আরও স্বচ্ছ, নিরাপদ ও দক্ষ করে তোলাই আমাদের লক্ষ্য।”
এই ধারাবাহিক প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল—
কর্মকর্তাদের আধুনিক নগদ ব্যবস্থাপনা কৌশল শেখানো,জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধ বিষয়ে দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর রিপোর্টিং প্রক্রিয়া বাস্তবায়ন করা।
ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, এ ধরনের নিয়মিত কর্মশালার মাধ্যমে আইএফআইসি ব্যাংকের অভ্যন্তরীণ নগদ ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে এবং দেশের ব্যাংকিং খাতেও স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে।