প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে নাটোরসহ উত্তরাঞ্চলের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানালেও মালিকপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। বর্তমানে রাজশাহী-ঢাকা রুটে এক দফা বাস চলাচলে চালক পান ১ হাজার ২০০ টাকা, সুপারভাইজার ৬০০ টাকা এবং সহকারী ৫২০ টাকা। কিন্তু শ্রমিকদের দাবি, চালকের বেতন ২ হাজার টাকা, সুপারভাইজার ও সহকারীর বেতন আরও ৫০০ টাকা বাড়াতে হবে।

বাসচালক শাকিল আহমেদ বলেন, “বহুদিনের দাবি পূরণ না হওয়ায় আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছি। আমাদের দাবি মানা না হলে এই আন্দোলন চলবে।”

ধর্মঘটের কারণে নাটোরের সব বাস কাউন্টার বন্ধ রাখা হয়েছে। ফলে জরুরি কাজে ঢাকায় যেতে চাওয়া অনেক যাত্রী বিপাকে পড়েন। যাত্রী সোহেল রানা জানান, “তিন ঘণ্টা ধরে স্ট্যান্ডে অপেক্ষা করছি, কোনো বাস ছাড়ছে না। আগে থেকে জানলে বিকল্প ব্যবস্থা নিতে পারতাম।”

অন্যদিকে নাটোর পরিবহন মালিক সমিতির সভাপতি হাজী আব্দুল মজিদ বলেন, “ঢাকা রুটে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস আসে। সেটি বন্ধ থাকায় নাটোরের যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।”

শ্রমিকদের হুঁশিয়ারি, তাদের দাবি মেনে নেওয়া না হলে রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল চালু হওয়ার সম্ভাবনা নেই। এতে রাজধানীমুখী যাত্রীদের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা