প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড: দগ্ধ পাঁচ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকার একটি পোশাক কারখানার সেমি-পাকা টিনশেড কেমিক্যাল গুদামে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আহতদের মধ্যে রয়েছেন—ফায়ার সার্ভিসের অফিসার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার মো. শামীম, মো. নুরুল হুদা ও মো. জয় হাসান। এ ছাড়া কারখানার এক কর্মকর্তাও দগ্ধ হন। তাদের উদ্ধার করে দ্রুত ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই গুদামের ভেতরে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে ভেতরে থাকা শ্রমিকরা ছুটে বের হয়ে আসেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে এক পর্যায়ে কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হলে দগ্ধ হওয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৩) উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। ইতোমধ্যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা