রাজধানীর পুরান ঢাকার বংশালের নাজিরা বাজার চৌরাস্তা এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আমিন (৩০) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আমিন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলি সানি গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি বর্তমানে রাজধানীর বিডিআর ১নং গেট এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী পথচারী জিসান জানান, বৃষ্টিতে ওই এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। সাইকেল চালিয়ে যাওয়ার সময় আমিন হঠাৎ জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা বাঁশ দিয়ে তাকে পানির বাইরে টেনে এনে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি বংশাল থানা পুলিশকে জানানো হয়েছে।