প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাতভর অবিরাম বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় হাঁটুসমান পানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫

গত রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে রাজধানী ঢাকার বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতেও পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে সকালে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের পড়তে হচ্ছে নানান ভোগান্তিতে।

 

মিরপুর, মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মগবাজার,মালিবাগ ও  মৌচাকের বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে থাকতে দেখা গেছে। হাতিরঝিলের কিছু অংশও পানিতে তলিয়ে গেছে। সড়কে জমে থাকা পানির কারণে অনেক এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট।

 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল রবিবার রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ পরিমাণ দাঁড়িয়েছে ৪০ মি.মি.।

 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, আগামী দুই দিনের মধ্যে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে, যার একটি ২৪ সেপ্টেম্বরের দিকে সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা