আদর্শ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি নিয়ে ৩৭ দফা কর্মসূচি ঘোষণা করেছে নতুন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ তরিকত পার্টি। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই ২০২৪-এর আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটলেও দেশে বর্তমানে এক ধরনের ‘নীরব নৈরাজ্য’ বিরাজ করছে। তারা অভিযোগ করেন, মাজার শরিফে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও কবর থেকে লাশ তুলে আগুনে পোড়ানোর মতো বর্বরোচিত ঘটনা ঘটেছে। এতে খাদেমসহ বহু মানুষ খুন, গুম ও নিখোঁজ হয়েছেন, ফলে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।
বক্তাদের দাবি, রাজনৈতিক ও প্রশাসনিক সংকটের কারণে দেশের আকাশে কালো ছায়া নেমে এসেছে। এমন পরিস্থিতিতে নৈরাজ্যবাদ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও দখলদারমুক্ত একটি আদর্শ রাষ্ট্র গড়ার অঙ্গীকার নিয়েই তরিকত পার্টির যাত্রা।
দলের ঘোষিত ৩৭ দফা লক্ষ্যের মধ্যে রয়েছে—
পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা
মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই আন্দোলনের আদর্শ সংরক্ষণ
ধর্মীয় স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষতার বাস্তবায়ন
ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা
বেকারত্ব দূরীকরণ ও মেধাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি
কৃষকের ন্যায্য অধিকার ও কৃষিপণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা
স্বাধীন বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা
নারী শিক্ষা, গ্রামীণ অবকাঠামো ও আধুনিক প্রযুক্তির প্রসার
দুর্নীতি, খুন-খারাপি ও চাঁদাবাজি প্রতিরোধে কার্যকর প্রশাসন
অসহায় ও গৃহহীন জনগোষ্ঠীর পুনর্বাসন
শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও ঐতিহ্য রক্ষা
জনবান্ধব পুলিশ বাহিনী গঠন ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা
তরিকত পার্টির নেতারা বলেন, “আমরা কলুষমুক্ত আদর্শ রাষ্ট্র গড়তে তরিকতপন্থি ভাই-বোনসহ দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। দলমত-হিংসা-বিদ্বেষ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।”