প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারতের কাছে টানা ছয় ম্যাচে হারের লজ্জায় পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫

ভারত–পাকিস্তানের দীর্ঘ ৭৩ বছরের ক্রিকেট দ্বৈরথে ঘটল এক বিরল ঘটনা। আগে কোনো দল অপর দলকে টানা পাঁচ ম্যাচের বেশি হারাতে পারেনি। তবে এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরে ভারতের কাছে হেরে সেই রেকর্ড ভেঙে দিল পাকিস্তান।

সর্বশেষ টানা ছয় ম্যাচে ভারতের কাছে পরাজয় পাকিস্তানের জন্য এক লজ্জাজনক অধ্যায় হয়ে উঠেছে।

 

শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় ভারত। শুরুতেই ফখর জামান (২১ রানে আউট) ফিরে গেলে চাপে পড়ে পাকিস্তান। তবে শাহিবজাদা ফারহান (৪৫ বলে ৫৮) ও সাইম আইয়ুব (১৭ বলে ২১) দলের হাল ধরেন এবং দ্বিতীয় উইকেটে ৭২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।

শেষ দিকে হুসাইন তালাত (১০), মোহাম্মদ নওয়াজ (২১), অধিনায়ক আঘা সালমান (১৩ বলে ১৭) ও ফাহিম আশরাফ (৮ বলে ২০ অপরাজিত) দলকে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রানে পৌঁছে দেন। ভারতের হয়ে শিভম দুবে দুটি উইকেট নেন।

 

লক্ষ্য তাড়ায় নেমে ঝড় তোলে ভারত। মাত্র ৯.৫ ওভারে শুভমান গিল ও অভিষেক শর্মার ১০৫ রানের উদ্বোধনী জুটি ম্যাচকে ভারতের দিকে নিয়ে যায়। গিল ২৮ বলে ৪৭ রানে আউট হলেও অভিষেক মাত্র ৩৯ বলে ৭৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন (৬ চার, ৫ ছক্কা; স্ট্রাইক রেট ১৮৯.৭৪)।

শেষদিকে তিলক ভার্মা ১৯ বলে ৩০ ও হার্দিক পান্ডিয়া ৭ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন ৭ বল বাকি থাকতেই। পাকিস্তানের হয়ে হারিস রউফ দুটি উইকেট নেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা