বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা (বর্তমানে পদ স্থগিত) ফজলুর রহমান কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে করা অবমাননাকর ও বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাস্টার দা সূর্য সেন হলের সহসভাপতি আজিজুল হক বলেন, “জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান আমরা সবাই জানি। তারা মেধার ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। কিন্তু বিএনপির উপদেষ্টা ফজলুর রহমান তাদের নিয়ে যে অবমাননাকর বক্তব্য দিয়েছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই।”
তিনি প্রশ্ন রাখেন, “এই বক্তব্য কি ব্যক্তিগত, নাকি বিএনপির অবস্থান? দলটির উচিত বিষয়টি স্পষ্ট করা এবং ফজলুর রহমানকে নিয়ন্ত্রণে আনা।”
ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন বলেন, “ঢাবিতে ভর্তি হওয়ার পর মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের পরিচয় দিতে ভয় পেত, কারণ তাদের জামায়াত-শিবির বলে হেয় করা হতো। অথচ একজন মাদ্রাসা শিক্ষার্থী যেমন পড়বে, তেমনি ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়ামের শিক্ষার্থীরাও পড়বে। এখানে সবার পরিচয় একটাই—শিক্ষার্থী।”
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, “ফজলুর রহমানের এই বক্তব্য ইচ্ছাকৃত। শুধু তিনিই নন, মাঝে মাঝেই রুমিন ফারহানাও একই ধরনের মন্তব্য করেন। তারা মূলত রাজনৈতিক স্বার্থে এমন করছে।”
মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি যদি এ বক্তব্যের সঙ্গে একমত না হয়, তবে স্পষ্ট বিবৃতি দিতে হবে। অন্যথায় ধরে নিতে হবে তারা ফজলুর রহমানের বক্তব্যকে সমর্থন করছে।