প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচনের অপেক্ষায় ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ থাকলেও ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা আপাতত নির্বাচনের অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

আমীর খসরু বলেন, “দেশি-বিদেশি বিনিয়োগকারীরা এখন এক কথায় নির্বাচন না হওয়া পর্যন্ত অপেক্ষা করছে। সবাই তাদের ব্যবসায়িক সিদ্ধান্ত স্থগিত রেখেছেন।”

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ এগিয়ে নিতে হলে বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশন স্থগিত রাখার প্রয়োজন রয়েছে। বিজনেস কমিউনিটির অনেক নেতাই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান তিনি।

এদিকে বৈঠকে উপস্থিত বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, “এলডিসি উত্তরণ স্থগিত নয়, বরং অন্তত তিন বছর পিছিয়ে দেওয়া প্রয়োজন। এখনো প্রস্তুত নয় বাংলাদেশ।”

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যে, শ্রম আইন অনুযায়ী ২০ জন শ্রমিক আবেদন করলেই যদি ট্রেড ইউনিয়ন গঠন সম্ভব হয়, তবে এর অপব্যবহার হতে পারে।

সব মিলিয়ে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মতে, নির্বাচন ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে বড় কোনো বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা