বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–পরিবার কল্যাণ সম্পাদক ডা. দেওয়ান মো. সালাদ্দিন বাবু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগ প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে অংশ নেয়, তবে তারা সর্বোচ্চ ৭০ থেকে ৮০টি আসন পেতে পারে।
শনিবার সাভারের গণস্বাস্থ্য পিএইচএ ভবনে আশুলিয়া গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “পিআর পদ্ধতি সংবিধানে নেই এবং সাধারণ মানুষ এ বিষয়ে অবগত নয়। তাই নির্বাচন আগের নিয়মেই হওয়া উচিত।” ডা. বাবুর অভিযোগ, “একটি ছোট দল নিজেদের সুবিধার জন্য পিআর পদ্ধতির দাবি তুলছে, জনগণের স্বার্থে নয়।”
অনুষ্ঠানে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়, যেখানে জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব, আশুলিয়া গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল মামুন।