আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল নিয়ে দেওয়া বক্তব্যের সমালোচনার পর এবার সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, সংগঠনের দায়িত্বশীলদের পক্ষ থেকে তাকে রাজনৈতিক ও বিতর্কিত ইস্যুতে মন্তব্য না করার পরামর্শ দেওয়া হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুফতি হামজা বলেন, ‘দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন, মাহফিলে যেন কোরআনের তাফসির ছাড়া অন্য কোনো বিষয়ে কথা না বলি। আমি সিদ্ধান্ত নিয়েছি ভবিষ্যতে সতর্ক থাকব।’
তিনি বলেন, ‘তুলনা করে কথা বললেই নানা ভুল বোঝাবুঝি তৈরি হয়। ঢাবির মুহসিন হল নিয়ে মন্তব্যে সমালোচনা হচ্ছে। আমি আসলে সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে ভুলবশত মুহসিন হল বলেছি। এজন্য আমি দুঃখিত। মুহসিন হলে ছাত্রলীগের সময়ে কিছু ঘটনার কথা শুনেছি, কিন্তু আমার এভাবে বলা উচিত হয়নি।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বোতল নিয়ে বক্তব্যের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো জাহাঙ্গীরনগরের হলে ছিলাম। ক্যাম্পাসে কি হতো সবাই জানে। এখন বলা হচ্ছে ওই বোতলে নাকি পানি খাওয়া হয়। যদি তাই হয়, আমি আন্তরিকভাবে দুঃখিত।’
মুফতি হামজা বলেন, ‘ওয়াজে নানা উদাহরণ দিতে গিয়ে ভুল হয়ে যায়। আওয়ামী লীগের সময়ে কারাগারে আমার ওপর নির্যাতন হয়েছে, এখনো পুরোপুরি সুস্থ নই। তাই কখনো কখনো অনিচ্ছাকৃত ভুল হয়। তবে ভবিষ্যতে আমি সর্বোচ্চ সতর্ক থাকব।’