প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিসিবি নির্বাচন ঘিরে বিতর্ক: স্বচ্ছ ভোটের আহ্বান তামিম ইকবালের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫

আগামী ৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো আনুষ্ঠানিক তফসিল প্রকাশ করেনি নির্বাচন কমিশন। এরই মধ্যে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর পক্ষ থেকে কাউন্সিলর মনোনয়নের ফরম জমা দেওয়া হলেও কিছু জেলা ক্রীড়া সংস্থার আবেদন বাতিল করেছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

 

অ্যাডহক কমিটি থেকে যেসব জেলা সংস্থা কাউন্সিলর মনোনীত করেনি, তাদের আবেদন বাতিলের পাশাপাশি প্রধান নির্বাহীর পরিবর্তে নিজে স্বাক্ষর করে নতুন করে কাউন্সিলর পাঠানোর নির্দেশ দেন বিসিবি সভাপতি। বিষয়টি ঘিরে গত কয়েকদিন ধরে ক্রিকেট মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

 

এই পরিস্থিতিতে আজ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবাল।

 

তামিম বলেন, ‘বুলবুল ভাই বলেছেন, নির্বাচনের বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নেই। অথচ তিনি যে চিঠিতে স্বাক্ষর করেছেন তাতে আগের কাউন্সিলরদের বাদ দেওয়ার কথা বলা হয়েছে। সংবিধান অনুযায়ী অ্যাডহক কমিটি গঠন হওয়ার পর তিনি কোথাও স্বাক্ষর করার ক্ষমতা রাখেন না। তাহলে কোন ক্ষমতাবলে এই চিঠি দেওয়া হয়েছে?’

 

তিনি আরও বলেন, ‘আমরা শুধু একটি স্বচ্ছ নির্বাচন চাই। ফলাফল যাই হোক, তাতে আমার কোনো আপত্তি নেই। সুষ্ঠু নির্বাচন হলেই সেটাই হবে বড় জয়।’

 

নিজের অবসরের প্রসঙ্গে তামিম জানান, ‘আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার প্রয়োজন নেই। নির্বাচিত হলে আমি আর খেলব না, তবে কোনো চ্যারিটি ম্যাচ হলে সেটি ভিন্ন বিষয়।’

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা