প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আল-কোরআন মানবাধিকার ও সমতার প্রথম সংবিধান: ড. আ ফ ম খালিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আল-কোরআনই বিশ্বের প্রথম লিখিত সংবিধান, যেখানে নারী অধিকার, উত্তরাধিকার আইন, শিক্ষা ও জাতিগত বৈষম্য নিরসনের মতো বিষয়গুলো স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

 

রোববার (২১ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, সীরাতে রাসুল (সা.) যুগান্তকারী আদর্শের প্রতীক। তাঁর আদর্শে জাহিলিয়াতের অন্ধকার দূর হয়ে সমাজে ন্যায়, সমতা ও মানবিকতা প্রতিষ্ঠিত হয়েছিল। অথচ আজকের সমাজে বাহ্যিক আচার-অনুষ্ঠানের প্রতি গুরুত্ব বেশি হলেও, অন্তরের জীবনাচরণে সীরাত ও সুন্নাতের প্রভাব তেমনভাবে প্রতিফলিত হচ্ছে না। তিনি সবাইকে সীরাত ও সুন্নাতের আদর্শ ব্যক্তিজীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, এই আয়োজন শুধুমাত্র ধর্মীয় আচার নয়, বরং এটি একটি শিক্ষামূলক উদ্যোগ। মহানবী (সা.) জ্ঞানার্জনকে প্রত্যেক মুসলিম নারী-পুরুষের জন্য বাধ্যতামূলক করেছেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান ও জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল মুনয়িম খাঁন।

 

দিনব্যাপী নানা আয়োজনে বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়। আলোচনা সভা শেষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা