চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে জালনোট কারবারের অভিযোগে যুবলীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) নতুন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৩ হাজার ৫০০ টাকার জালনোট এবং দুটি ওয়াকিটকি জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আগুনশাইল গ্রামের মো. আজিম (৩০) এবং নাঙ্গলকোট উপজেলার আশার কোটা গ্রামের মো. সোহাগ (৩৬)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিম স্বীকার করেছেন যে, সহযোগী সোহাগের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসায় জড়িত ছিলেন। নিজেদের মধ্যে দ্রুত যোগাযোগের জন্য ওয়াকিটকি ব্যবহার করতেন তারা।
পুলিশ জানায়, এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।