প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাবিতে শিক্ষক কর্মকর্তাদের পূর্ণদিবস কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) পুনর্বহাল এবং শিক্ষক লাঞ্ছনার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবিতে শিক্ষক ও কর্মকর্তারা পূর্ণদিবস কর্মবিরতিতে নেমেছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

 

এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে রাতেই শিক্ষক ও কর্মকর্তারা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ তারা অবস্থান কর্মসূচি পালন করছেন।

 

রাবি অফিসার সমিতির সভাপতি অধ্যাপক মোক্তার হোসেন বলেন, ‘বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় তা থেকে বঞ্চিত। গতকাল আমাদের সহকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

 

তবে শিক্ষক-কর্মকর্তাদের এ কর্মসূচির বাইরে রাখা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের কার্যক্রম। অধ্যাপক মোক্তার হোসেন বলেন, ‘রাকসু নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। নির্বাচন যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে, সে কারণে রাকসুর সব কাজকে কর্মসূচির বাইরে রাখা হয়েছে।’

 

এদিকে, আজ বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সিন্ডিকেটের জরুরি সভা হওয়ার কথা রয়েছে। সেখানে শিক্ষক-কর্মকর্তাদের দাবি ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা