প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত শক্তভাবে নিতে পারছে না :মানিক 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫

সাংবাদিক ও লেখক আমিরুল মোমেনিন মানিক বলেছেন, অন্তর্বর্তী সরকার এখনো পর্যন্ত কোনো দৃঢ় ও সাহসী সিদ্ধান্ত নিতে পারেনি। সরকারের কার্যক্রমে সমন্বয়হীনতা ও বিভ্রান্তি স্পষ্ট হয়ে উঠছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) এক বেসরকারি টেলিভিশনের সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, “দীর্ঘদিন আলোচনা চললেও এখনো কোনো সমাধান বের হয়নি। রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি, আবার জাতীয় ঐকমত্য কমিশন থেকেও স্পষ্ট সিদ্ধান্ত আসেনি। সর্বশেষ সংবিধান আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের প্রস্তাব এসেছে এবং পরবর্তীতে গণভোটের মাধ্যমে বৈধতা দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো— গণভোট কবে হবে? নির্বাচনের আগে না পরে?”

তিনি জানান, বিএনপি স্পষ্ট অবস্থান নিয়েছে— গণভোট হলে তা জাতীয় নির্বাচনের পরেই হওয়া উচিত। তবে সরকারের পক্ষ থেকে নির্বাচন দিনেই গণভোট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে, যা নতুন করে দ্বন্দ্ব তৈরি করেছে।

আমিরুল মোমেনিন আরও বলেন, “জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হলে দুইটি পথ খোলা। প্রথমত, রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে। আর যদি তা সম্ভব না হয়, তবে ঐকমত্য কমিশনকে শক্ত অবস্থান নিয়ে সিদ্ধান্ত দিতে হবে। কমিশন যদি দৃঢ়তা না দেখায়, তবে এ সংকট সমাধান হবে না।”

তিনি মনে করেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতিসংঘের ৮০তম অধিবেশনে অংশ নিতে যাওয়া টিমে তিনটি বড় দলের নেতাদের মধ্যে সমঝোতা হলে জট খুলে যেতে পারে। তবে রাজনৈতিক দলগুলো যদি একগুঁয়েমি বজায় রাখে, তাহলে নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা