প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে রাতভর বিক্ষোভ:জরুরি সিন্ডিকেট সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে রাতভর বিক্ষোভ করেছেন। রাত গভীর হলে ধীরে ধীরে তারা উপাচার্যের বাসভবনের ফটক ও প্যারিস রোড এলাকা থেকে সরে যান।

 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাত ১টার দিকে অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানায়, বিষয়টি নিয়ে রোববার (আজ) জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে কোটা বাতিলের ঘোষণা না আসায় আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করেন।

 

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত আড়াইটার পর থেকে ধীরে ধীরে শিক্ষার্থীরা প্যারিস রোড ও উপাচার্যের বাসভবনের সামনে থেকে চলে যেতে থাকেন। রাত সাড়ে ৩টার মধ্যে আন্দোলনকারীরা পুরোপুরি সরে যান।

 

ছাত্র অধিকার পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী মারুফ বলেন, “রাত গভীর হওয়ায় শিক্ষার্থীরা সরে গেছেন। প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে, সেখানে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী কর্মসূচি নেব।”

 

এর আগে শনিবার বিকেলে সহ-উপাচার্য (প্রশাসন)কে ঘিরে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে তিনি বাসভবনে যেতে না পেরে জুবেরী ভবনে আশ্রয় নেন। শিক্ষার্থীরা ওই ভবনের ফটকে তালা দিয়ে রাখলে তিনি প্রক্টরসহ আটকে পড়েন।

 

এ সময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আবদুল আলিম রাত পৌনে ১০টার দিকে সংবাদ সম্মেলন করে সহ-উপাচার্যসহ শিক্ষকদের ‘লাঞ্ছিত’ করার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং রোববার থেকে কর্মবিরতির ঘোষণা দেন। পরে রাত সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা জুবেরী ভবন ছেড়ে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা