এশিয়া কাপের গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরের লড়াইয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছে টাইগাররা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করে লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। শেষ দিকে চারিথ আসালঙ্কা ১২ বলে ২১ রানের দ্রুত ইনিংস খেলে সংগ্রহ বাড়ান। বাংলাদেশের হয়ে ২০ রানে ৩ উইকেট নিয়ে মুস্তাফিজুর রহমান ছিলেন সেরা বোলার। এছাড়া শেখ মেহেদি নিয়েছেন ২টি ও তাসকিন আহমেদ ১টি উইকেট।
জবাবে ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দলীয় ১ রানে তানজিদ হাসান তামিম আউট হন। তবে পরে সাইফ হাসান ও লিটন দাস মিলে সামাল দেন চাপ। এই জুটি পঞ্চাশের ঘর পেরোনোর পর লিটন ২৩ রানে ফিরে যান। অন্য প্রান্তে সাইফ ৪৫ বলে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পূর্ণ করেন।
তাকে সঙ্গ দেন তাওহীদ হৃদয়। আগের দুই ম্যাচে ব্যর্থ হলেও এদিন ঝলসে ওঠেন তিনি। ৫৮ রান করেন এই ব্যাটার। জয়ের ১০ রান বাকি থাকতে হৃদয় আউট হলেও শেষ দিকে শামীম পাটোয়ারীর অপরাজিত ১২ বলে ১৪ রানে এক বল হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা।
শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা দুইটি করে উইকেট নেন।