রাজশাহীর গোদাগাড়ীতে তেল কম দেওয়ার অভিযোগে তিনটি ফিলিং স্টেশনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গোদাগাড়ী পৌরসভা ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর পরিদর্শক (মেট্রোলজি) শাকিব হাসান ও নাঈম হোসেন। সহায়তা করেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মিঠুন কবিরাজ। নিরাপত্তার দায়িত্বে ছিলেন গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল।
ভ্রাম্যমাণ আদালত জানায়, ওজন ও পরিমাণ মানদণ্ড আইন ২০১৮-এর ২৯ এর ৪৬ ধারা অনুসারে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো:
মেসার্স আবুল কাশেম এন্ড ব্রাদার্স, শ্রীমন্তপুর (প্রোপাইটর আবুল কাশেম): জরিমানা ৫ হাজার টাকা।মেসার্স সাইফুল ইসলাম ফিলিং স্টেশন, রামনগর (প্রোপাইটর আতাউর রহমান): জরিমানা ১০ হাজার টাকা।মেসার্স এস.আর ফিলিং স্টেশন, জৈটাবটতলা (প্রোপাইটর রবিউল ইসলাম): জরিমানা ১০ হাজার টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চলবে। কোনো ব্যবসায়ী আইন ভঙ্গ করলে ছাড় দেওয়া হবে না। সঠিক ও ন্যায্য পরিমাণ নিশ্চিত করা ব্যবসায়ীদের দায়িত্ব।”
তিনি আরও জানান, উপজেলা প্রশাসন, বিএসটিআই ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে নিয়মিত বাজার মনিটরিং করবে, যেন কোনো অসাধু ব্যবসায়ী প্রতারণা করতে না পারে।