ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকা, পেশীশক্তি, সন্ত্রাস ও ভোট ডাকাতির রাজনীতি চিরতরে বন্ধ হবে। এতে নমিনেশন বাণিজ্যও বন্ধ হবে এবং জাতীয় সরকার গঠনের সুযোগ সৃষ্টি হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাসেম ময়দানে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পিআর সিস্টেমে কোনো ভোট নষ্ট হয় না। সংসদ হবে আলোচনাভিত্তিক— যেখানে সমস্যার সমাধান সংসদের মধ্যেই খোঁজা হবে, আর রাস্তায় হরতাল-অবরোধের রাজনীতি থাকবে না। এ ধরনের নির্বাচনই হবে নিরাপদ ও আদর্শের নির্বাচন।
ফয়জুল করীম আরও বলেন, প্রচলিত রাজনীতি মানুষকে খুনি ও অপরাধীতে পরিণত করছে। ছাত্রদের মধ্যে দলীয় রাজনীতি তাদের অপরাধের পথে ঠেলে দিচ্ছে। অথচ ইসলামী রাজনীতি মানুষের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও মানবিক কল্যাণ নিশ্চিত করে।
তিনি প্রচলিত পুঁজিবাদী অর্থনীতির সমালোচনা করে বলেন, এ ব্যবস্থা কেবল ধনীদের জন্য; গরিবরা এর সুফল পায় না। অথচ ইসলামী অর্থনীতি গরিবদের অধিকার রক্ষায় নিবেদিত।
সভায় ইসলামী আন্দোলনের জয়পুরহাট জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুল ওয়াদুদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ, জেলা আমির ডা. মো. ফজলুর রহমান সাঈদসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে জয়পুরহাট-১ আসনে মাওলানা আব্দুল ওয়াদুদ এবং জয়পুরহাট-২ আসনে মাওলানা মুহাম্মাদ নাজমুল হাসান মাহমুদকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।