দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। চলতি মাসে এক দফা কমানোর পর ফের প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৫৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
নতুন দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনা ভরিপ্রতি বিক্রি হবে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেট ভরি ১ লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির কারণে এ সমন্বয় আনা হয়েছে। নতুন এই দাম রোববার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৩ হাজার ৪৭৬ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির অঙ্ক ভিন্ন হতে পারে।