প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জুলাই সনদের আইনি ভিত্তি ও সংশোধন ছাড়া নির্বাচন হলে সেটি হবে প্রহসনের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত সময়সীমা কোনোভাবেই অতিক্রম করা যাবে না। তিনি দাবি করেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করলে নির্বাচন প্রক্রিয়ায় অসঙ্গতি তৈরি হবে।

শনিবার বিকেলে মতিঝিলে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন, সরকার অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করবে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সময়ে টালবাহানা করছে, যা জনগণ মেনে নেবে না।

নুরুল ইসলাম বুলবুল আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট চুরি, কেন্দ্র দখল বা অস্ত্রের মহড়া করা সম্ভব হবে না। তিনি দেশের যুবসমাজ ও জনগণকে দায়িত্বশীলভাবে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দুর্নীতিমুক্ত ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার কথাও উল্লেখ করেন।

পথসভা শেষে নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মতিঝিল এলাকায় গণসংযোগ ও দাওয়াতি অভিযান পরিচালিত হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা