বাংলাদেশ থেকে ইলিশ আসার খবরে প্রথমে উচ্ছ্বসিত হয়েছিল কলকাতার মানুষ। তবে বাজারে অত্যাধিক দামের কারণে ক্রেতাদের আগ্রহ দ্রুতই কমে যাচ্ছে। ফলে বাংলাদেশি ইলিশ আমদানি চালু রাখা নিয়ে এখন দ্বিধায় রয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।শনিবার (২০ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার কলকাতার বাজারে ক্রেতারা বাংলাদেশের ইলিশে তেমন সাড়া দেননি। এরপর শুক্রবার শহরের লেক মার্কেট, গারিয়াহাট ও মানিকতলার খুচরা ব্যবসায়ীরা পাইকারি বাজার থেকে খুব সামান্য পরিমাণে—মাত্র ৫ থেকে ২৫ কেজি ইলিশ কিনেছেন।
এদিকে শোনা যাচ্ছে, গুজরাট থেকে বড় আকারে ইলিশ আসছে। এতে বাজারে বাংলাদেশি ইলিশের চাহিদা আরও কমবে বলে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ী ও ক্রেতারা বলছেন, গুজরাটের ইলিশ তাদের সাধ্যের মধ্যে থাকছে।
বর্তমানে কলকাতায় এক কেজির বেশি ওজনের বাংলাদেশি ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ রুপিতে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা। অন্যদিকে একই আকারের গুজরাটি ইলিশ মিলছে মাত্র ৮০০ থেকে ১ হাজার ১০০ রুপিতে। এছাড়া মিয়ানমার থেকে আসা হিমায়িত ইলিশও বাজারে ছাড়ার প্রস্তুতি রয়েছে, যেগুলো ১ হাজার ৫০০ রুপিতে পাওয়া যাবে।
কলকাতার ফিশ ইমপোর্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আনোয়ার মাসুদ বলেন, “বাংলাদেশি ইলিশের দাম কমার সম্ভাবনা নেই। এত উচ্চ দামে খুব সীমিত সংখ্যক মানুষই এই মাছ কিনতে পারবেন।”
তিনি আরও জানান, সোমবার পর্যন্ত বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার পেট্রাপোল বন্দর দিয়ে প্রথম দফায় ৫০ টন ইলিশ কলকাতায় যায়। তবে এরপর থেকে শুক্রবার পর্যন্ত মাত্র ২০ টন ইলিশ আমদানি হয়েছে।