চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উথলী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—৬০ বছরের মিন্টা মিয়া ও তার ছোট ভাই ৪৫ বছরের হামজা আলী। তারা ওই গ্রামের বড় মসজিদপাড়ার মৃত ক্ষুদে মন্ডলের সন্তান। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে মিন্টা ও হামজা কৃষিকাজের উদ্দেশ্যে গ্রামের ৭২ নম্বর ব্রিজ মাঠে যান। সেখানে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা তাদের ওপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি আঘাতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, হামলার শিকার দুই ভাইকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে হামজা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে মিন্টার মৃত্যু হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।