মেক্সিকো সিটির জনবহুল এলাকা ইজতাপালাপাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। শুক্রবার এক বিবৃতিতে মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার রাতে ইজতাপালাপার একটি ব্যস্ত সড়কে সীমানা প্রাচীরের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার এলপিজি মজুদ ছিল। বিস্ফোরণের পরপরই তাতে আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের অন্তত ৩০টি যানবাহনে আগুন ধরে যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা যান এবং বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে ভর্তি আছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে চিকিৎসা শেষে ৩৮ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের বেপরোয়া গতি ও অদক্ষতার কারণেই এই দুর্ঘটনা ঘটে। দমকল বাহিনীকে আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা সময় লেগেছে। দুর্ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।