রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন আইনি কাঠামো ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫’ খসড়া চূড়ান্তকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে রাজধানী উন্নয়ন কার্যক্রমকে আরও সুসংহত ও অংশগ্রহণমূলক করার নানা প্রস্তাব উঠে আসে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় খসড়ার ওপর বিস্তারিত আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সভায় মূলত ছয়টি বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়—
রাজউকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশীজনদের সম্পৃক্ততা বৃদ্ধি
উন্নয়নস্বত্ব বিনিময় (TDR)
জলাধার ও সংশ্লিষ্ট আইনের সমন্বয়
রাজউকের পরিচালনা বোর্ডের কার্যক্রম
কৌশলগত মহাপরিকল্পনা (Strategic Master Plan)
নগর পুনঃউন্নয়ন ও ভূমির পুনর্বিন্যাস ব্যবস্থা
সভায় অংশ নেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতার। এছাড়া ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অংশীজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থপতি ইকবাল হাবিব, বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ইশরাত ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) সভাপতি ড. আদিল মুহাম্মদ খান, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, এই অধ্যাদেশ চূড়ান্ত হলে রাজধানী উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক পরিকল্পনা আরও জোরদার হবে।