বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় সংস্কার। সেই সংস্কার বাস্তবায়ন ছাড়া নির্বাচন আয়োজন মানে হলো জুলাই বিপ্লবের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করা। জামায়াত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে, এই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবেই।”
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট মহানগর জামায়াত আয়োজিত এ সমাবেশে “জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি” উত্থাপন করা হয়।
ড. আজাদ বলেন, “আমরা নির্বাচন বানচাল করতে চাই না। বরং জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্যই আন্দোলন করছি। যারা সংস্কার মানতে চায় না, জুলাই সনদের আইনী ভিত্তি দিতে চায় না এবং পিআর পদ্ধতিকে অস্বীকার করে, প্রকৃত অর্থে তারাই নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করতে চায়। সংস্কার কমিশনকে প্রভাবমুক্ত রাখতে না দিলে গণতন্ত্রের প্রতি আঘাত করা হবে।”
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের সময় দেশে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছিল। সুতরাং আর কোনো স্বৈরশক্তিকে ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ দেয়া হবে না। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জুলাই সনদের আইনী ভিত্তি, ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন নিশ্চিত করা হবে।”
সমাবেশ শেষে রেজিস্ট্রারি মাঠ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। এতে মহানগর ও থানা পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশ নেন।
ড. আজাদ আরও বলেন, “অন্তর্বর্তী সরকার সন্ত্রাস ও চাঁদাবাজি দমন করতে ব্যর্থ হয়েছে। একটি বিশেষ দল নিজেদের ব্যর্থতা ঢাকতে যে কোনোভাবে ক্ষমতায় যেতে চাইছে। সংস্কার কমিশনের সিদ্ধান্তগুলোও তাদের ইচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। আমরা আলোচনার মাধ্যমে সংকট সমাধানে রাজি, নইলে রাজপথেই সমাধান হবে। প্রয়োজনে গণভোটের মাধ্যমেও জনগণের মত যাচাই করা যেতে পারে।”
তিনি অভিযোগ করেন, “পতিত ফ্যাসিস্ট সরকার দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। বিরোধী দল দমন করতে জুলুম-নিপীড়ন চালানো হয়েছিল। কিন্তু সেই সময়ে দেশের ছাত্র-জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুদ্র সেন ও সাংবাদিক এটিএম তুরাবসহ অনেকেই জীবন দিয়েছেন। তাদের ত্যাগই জুলাই গণঅভ্যুত্থানকে ঐতিহাসিক মর্যাদা দিয়েছে। তাই এই বিপ্লবের আইনী ভিত্তি জনগণের অধিকার।”