প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

স্বৈরশাসন রুখতে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া বিকল্প নেই: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করছে, দেশের রাজনৈতিক সংকট নিরসন ও জাতীয় সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আগামী নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে আয়োজন ছাড়া কোনো বিকল্প নেই।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগরী ও জেলা জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বাংলাদেশের জনগণ আর ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। সংসদে প্রতিটি দলের প্রাপ্ত ভোট অনুযায়ী প্রতিনিধিত্ব নিশ্চিত করা না হলে আবারও স্বৈরশাসন ফিরে আসবে।”

অধ্যাপক পরওয়ার আরও বলেন, “দেশের প্রতিটি নাগরিক নিরপেক্ষ নির্বাচন চায়। সে লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার জরুরি। পাশাপাশি জনগণের দাবি অনুযায়ী গুম-খুন, দমন-পীড়ন, দুর্নীতি ও লুটপাটের বিচার করতে হবে। যারা স্বৈরশাসনের দোসর হয়ে ১৪ দলকে সমর্থন দিচ্ছে, তাদের সব কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এবং রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রাব্বানী। সভাপতিত্ব করেন রংপুর মহানগরী আমীর মাওলানা এ টি এম আজম খান।

বক্তারা অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, “দেশের ছাত্র-জনতা আজ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। তাই জনগণের এই আন্দোলনকে আরও জোরদার করা হবে।”
পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা