প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫

ঝিনাইদহের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। পাশাপাশি ভাঙচুর হয়েছে ৫টি বাড়ি ও ১টি দোকানে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার রুপদাহ গ্রামে এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় আট মাস আগে রুপদাহ গ্রামে রাতে কে বা কারা একটি বিদ্যুতের পিলার ভেঙে ফেলে। এ নিয়ে বিএনপির স্থানীয় দুই গ্রুপ—পোড়াহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড সভাপতি আবু বক্কার বিশ্বাস ও সাবেক সভাপতি ফজলু মণ্ডলের সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দেয়। তখন মীমাংসা হলেও দীর্ঘদিন ধরে চাপা উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সকালে সেই বিরোধ আবারও সংঘর্ষে রূপ নেয়। এ সময় বাড়িঘর ও দোকান ভাঙচুর হয়। ফলে এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়।

এ ঘটনায় দুই পক্ষের নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “তুচ্ছ বিষয়কে কেন্দ্র করেই মারামারির সূত্রপাত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং কাউকে আটকও করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা