রাজধানীর ফকিরাপুল কালভার্ড রোডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাইদুল আলম সিফার (২৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিফার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সোনাপুর গ্রামের মাসুদ আলমের ছেলে। তিনি রাজধানীর ওয়ারির র্যাংকিং স্ট্রিট এলাকায় ভাড়া থাকতেন। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করা সিফার শিগগিরই আইন বিষয়ে পড়াশোনার জন্য ‘ল’ কলেজে ভর্তির পরিকল্পনা করেছিলেন।
পথচারী শরিফুল ইসলাম জানান, রাতের ওই সময়ে সিফার মোটরসাইকেল চালিয়ে কালভার্ড রোড দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে তার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসক সিফারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি মতিঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।