দুর্গা পূজায় সরকারি ছুটি তিন দিন (অষ্টমী, নবমী ও দশমী) ঘোষণা করার পাশাপাশি চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত “দুর্গা পূজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা” শীর্ষক গোলটেবিল বৈঠকে সংগঠনটি এ দাবি তোলে।
দাবিগুলো হলো—
১. দুর্গা পূজায় সরকারি ছুটি তিন দিন (অষ্টমী, নবমী ও দশমী) করা।
২. স্থায়ী ও অস্থায়ী সব পূজা মন্দিরে সরকারি খরচে সিসিটিভি স্থাপন এবং পূজার ১০ দিন আগে থেকে নিরাপত্তা জোরদার করা।
৩. গত বছরের মতো পূজায় সেনাবাহিনীর টহল ব্যবস্থা রাখা।
৪. পূজার নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং সেল গঠন করা।
লিখিত বক্তব্যে সংগঠনের মুখপাত্র ও নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে বলেন, “হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা শুরু হতে যাচ্ছে ২৮ সেপ্টেম্বর। পূজার মূল তিনটি দিন অষ্টমী, নবমী ও দশমী হলেও সরকারি ছুটি রয়েছে মাত্র দুই দিন। এজন্য অনেকেই পূজা শুরু থেকে শেষ পর্যন্ত অংশ নিতে পারেন না।”
তিনি আরও বলেন, ধর্মীয় অনুশাসন অনুযায়ী পূজার প্রস্তুতি ও অনুষ্ঠান পালনের জন্য কমপক্ষে তিন দিনের সরকারি ছুটি প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়। এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরী, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার দেবনাথসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।