জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে দেশের সাতটি বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এসব মিছিলে দলটির কেন্দ্রীয় নেতারা নেতৃত্ব দিচ্ছেন।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বরিশালে মিছিলে নেতৃত্ব দিচ্ছেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রংপুরে আছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রামে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং সিলেটে নেতৃত্ব দিচ্ছেন ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। এছাড়া রাজশাহীতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহে ড. সামিউল হক ফারুকী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও খুলনায় অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন।
ঘোষিত কর্মসূচি সফল করতে এসব বিভাগীয় শহরের জনসাধারণ ও দলীয় কর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জামায়াত।
দলটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন
সংসদের দুই কক্ষে পিআর পদ্ধতি চালু
অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ সৃষ্টি
বর্তমান সরকারের দমন-পীড়ন ও দুর্নীতির বিচার নিশ্চিত করা
জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা