চলমান এশিয়া কাপের গ্রুপপর্ব আজ (শুক্রবার) শেষ হচ্ছে। এর পর কোনো বিরতি ছাড়াই শনিবার থেকেই শুরু হবে সুপার ফোর পর্বের লড়াই। ইতিমধ্যে নিশ্চিত হয়েছে শেষ চারের চারটি দল।
‘বি’ গ্রুপের ভাগ্য নির্ধারণ হয়েছে শেষ ম্যাচে। শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিতে হয়েছে আফগানিস্তানকে। এই জয়ের মধ্য দিয়েই শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে। এর আগে ‘এ’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান পরবর্তী রাউন্ডে ওঠে।
ওমানের বিপক্ষে আজ শেষ ম্যাচ খেলবে ভারত। আগের দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট ও ৪.৭৯৩ নেট রানরেট নিয়ে এগিয়ে আছে সূর্যকুমার যাদবের দল। একই গ্রুপে পাকিস্তান হেরেছে কেবল ভারতের কাছে, তবে ওমান ও আমিরাতকে হারিয়ে ৪ পয়েন্ট ও ১.৭৯০ নেট রানরেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে।
‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা অপরাজেয় থেকে প্রথম পর্ব শেষ করেছে। ৩ ম্যাচে তারা হংকং, বাংলাদেশ ও আফগানিস্তানকে হারিয়ে পূর্ণ ৬ পয়েন্ট পেয়েছে। শেষ ম্যাচে আফগানরা ৮ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করলেও কুশল মেন্ডিসদের ব্যাটে ৮ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে লঙ্কানরা।
বাংলাদেশ নেট রানরেটে পিছিয়ে থাকলেও আগেই দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিশ্চিত করে রেখেছিল। শ্রীলঙ্কার জয়ই তাদের সুপার ফোরে ওঠার সমীকরণ সহজ করে দেয়। আফগানরা তিন ম্যাচে এক জয় ও দুই হারে বিদায় নেয়। আরেক দল হংকং কোনো ম্যাচেই জিততে পারেনি।
শনিবার থেকে শুরু হবে চার দলের সুপার ফোর পর্ব—শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।