প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আসন্ন নির্বাচনে অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আশ্বাস ড. ইউনূসের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন সাধারণ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

 

সাক্ষাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন নির্বাচন, বাণিজ্য ও কৃষি সহযোগিতা এবং রোহিঙ্গা মানবিক সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। ড. ইউনূস রাষ্ট্রদূতকে ফেব্রুয়ারির প্রথমার্ধে সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

 

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং জানান, ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছে, যা নেদারল্যান্ডস সক্রিয়ভাবে সমর্থন করছে।

 

দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে পানি ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করে অনেক কিছু শেখা ও গড়ে তোলা সম্ভব।

 

ড. ইউনূস এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য নেদারল্যান্ডসের সহায়তা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, অর্থায়নের ঘাটতির কারণে কক্সবাজার ক্যাম্পে মানবিক সহায়তা হুমকির মুখে রয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন হবে বলেও জানান তিনি।

 

রাষ্ট্রদূত ভ্যান বোমেল রোহিঙ্গা সংকটের জরুরিতা স্বীকার করে বলেন, এই ইস্যুটি আরও বেশি আন্তর্জাতিক মনোযোগ পাওয়ার দাবি রাখে। বৈঠকে সরকারের সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা