বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) তত্ত্বাবধানে আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শুরু হয়েছে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। লাখো প্রার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।
বিপিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। নির্ধারিত সময়ের পর গেট বন্ধ হয়ে যাওয়ায় দেরিতে এলে আর প্রবেশের সুযোগ নেই। আসন বিন্যাস, সময়সূচি ও কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য বিপিএসসি এবং টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে।
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় বই-পুস্তক, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর, ব্যাগ, গহনা ও অন্য যেকোনো ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ। প্রবেশপত্রে উল্লেখিত ছবি ও তথ্য উপস্থিতির তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। কোনো গরমিল ধরা পড়লে প্রার্থিতা বাতিল এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্নপত্র ও উত্তরপত্র চারটি সেটে ভাগ করা হয়েছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর যোগ হবে, আর ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.৫ নম্বর। দুই ঘণ্টার পরীক্ষায় কোনো পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবেন না। ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের জন্য আলাদা আসন ও প্রশ্নপত্রের ব্যবস্থা রয়েছে, তবে ভার্সন পরিবর্তনের সুযোগ নেই।
প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বাড়তি সুবিধা রাখা হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীরা শ্রুতিলেখক পাচ্ছেন এবং প্রতি ঘণ্টায় ১০ মিনিট অতিরিক্ত সময় পাচ্ছেন। অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য প্রতি ঘণ্টায় পাঁচ মিনিট বাড়তি সময়ের ব্যবস্থা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষায় কোনো অনিয়ম, গরমিল বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হবে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রবেশপত্র ছাড়া হলে প্রবেশ করা যাবে না; প্রবেশপত্র হারালে ওয়েবসাইট থেকে নতুন করে ডাউনলোড করা যাবে।